কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:১৬ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচির শুরুতে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শহীদ মিনারে পুষ্প অর্পণের সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, একুশের চেতনায় আমরা এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভাষা ও সংস্কৃতিসহ সবকিছু আরও সমৃদ্ধ হবে।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা আজ শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে আসতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সেইসাথে তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একুশের প্রথম প্রহরে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের ঢলে মুখরিত হয়ে ওঠে।
জেএইচআর