বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:১৫ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল মিলেছিল, তা প্রমাণিত। পরবর্তীকালে খালগুলো ভরাট ও নাব্যতা হারানোর কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে।
রোববার বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করব না, আমরা জনগণের সরকার গঠন করব।” বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীর সরিকল ইউনিয়নের কাপলাতলি খাল পুনঃখনন করা হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। শিগগিরই এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, শিল্পায়নের কারণে দেশে বনায়ন ও সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। এ কারণে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “তারেক রহমানকে ১৭ বছর দেশের বাইরে রাখা হয়েছিল। দীর্ঘ সময় পর দেশে ফিরে মাত্র ৫৭ দিনের মধ্যেই জনগণ তাকে প্রধানমন্ত্রী ও জাতির নেতা হিসেবে নির্বাচিত করেছে।”
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যেসব পরিকল্পনা হাতে নিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এস এম আতাউর রাব্বি এবং গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
এদিন গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের জন্য ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অপরদিকে, দুপুর ২টায় তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এএন