আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৫ পিএম
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
সোমবার ভোর ৫টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। যে কোনো সময় আইসিইউ প্রয়োজন হতে পারে বিধায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৩ জনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের ৮০ শতাংশ, দুজনের ৪৫ শতাংশ এবং তিন শিশুর শরীর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে ৪৬ বছর বয়সী শাখাওয়াত হোসেনসহ নারী ও শিশু মিলিয়ে ৯ জন রয়েছেন। বর্তমানে স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে তাঁদের ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসছেন।
বিস্ফোরণে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত প্রতিটি ইউনিটের দরজা ভেঙে গেছে এবং ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে গেছে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ছিল না, বরং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইন সংযোগ ছিল। কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায়। সেই গ্যাস থেকেই ভয়াবহ এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেএইচআর