এম এ মান্নান, চৌগাছা (যশোর)
ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৩৫ পিএম
যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে উপজেলা জামায়াতের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান ও পৌর আমির মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গণসংবর্ধনায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চৌগাছা-ঝিকরগাছা উপজেলাকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে দুর্নীতি দমনে কোনো আপস করা হবে না বলে তিনি জানান।
উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এমপি বলেন, যেখানেই প্রকল্প দেওয়া হবে, সেখানে সঠিক হিসাব নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতে নতুন প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অন্যায় ও জুলুমের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমার দলের বা অন্য কেউ যদি জুলুম করে, তবে আমি সব সময় মজলুমের পাশে থাকব। কেউ অন্যায়ভাবে জুলুম করতে আসলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এর আগে সকালে তিনি উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিকেলে সলুয়া গ্রামে একটি ইফতার মাহফিলে যোগ দেন।
জেএইচআর