মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:১১ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রামে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয় আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু তাবাচ্ছুম এর বাবার বাড়ি মহেশপুর উপজেলার ভৈরবা কলেজ পাড়ায়। তার বাবা নজরুল ইসলাম পেশায় দর্জি এবং মা হালিমা খাতুন কালীগঞ্জে একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত। মা সেখানে কর্মরত থাকায় পরিবারটি বাদুড়গাছা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আড়াইটার দিকে বাসার পাশে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। এরপর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পেছনের মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক রক্তমাখা একটি বস্তা দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনায় মহেশপুর ও কালীগঞ্জ এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তারা উল্লেখ করেন।
জেএইচআর