বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:০২ পিএম
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং নাগরিকবান্ধব প্রশাসনিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সরকারি ভবনের সংস্কার ও সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ নানা প্রকল্প বাস্তবায়নে তিনি সরাসরি তদারকি করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। ফলে কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হচ্ছে।
একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় আগের তুলনায় অনেক সুদৃঢ় হয়েছে। উন্নয়ন কাজের মান বজায় রাখতে নিয়মিত তদারকি এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।
জনসেবার মান নিয়ে একজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে সেবা গ্রহণে অনেক সহজতা এসেছে। আগে ছোটখাটো বিষয়েও দৌড়ঝাঁপ করতে হতো, এখন দ্রুত সমাধান পাওয়া যাচ্ছে। বিশেষ করে সড়ক সংস্কারের ফলে যাতায়াতে ব্যাপক সুবিধা হয়েছে বলে তিনি জানান।
প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বর্তমানে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। কাজের মান বজায় রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সকল প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমরা সবার মতামতকে গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহলের অভিমত, দক্ষ নেতৃত্ব, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বালিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে। উপজেলা জুড়ে দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড ও জনমুখী প্রশাসনিক তৎপরতায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
জেএইচআর