রাকিবুল হাসান, রাজশাহী
ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৩৬ পিএম
রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চাঞ্চল্যকর বাহারুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-১। যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১ নম্বর আসামি মো. মিলন ওরফে মিলু (৫২), ২ নম্বর আসামি মো. সুমন (১৯), ৩ নম্বর আসামি মো. কাওছার হোসেন (২৫) ও ৫ নম্বর আসামি মিল্টন (৩০)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা নিহত বাহারুল ইসলামের বসতবাড়িতে ঢুকে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
জেএইচআর