আমার সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৪৪ এএম
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাড়ির উঠান থেকে দাদির এবং পার্শ্ববর্তী একটি সরিষাক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা সুফিয়া খাতুন (৬৫) ও তাঁর নাতনি জামিলা আক্তার (১৫)। তারা দুজনেই ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, কিশোরীর বাবা কর্মসূত্রে ঢাকায় থাকেন। শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শোনা যায়। স্থানীয়রা বের হয়ে আসলেও কান্না থেমে যাওয়ায় তাঁরা আবার ফিরে যান। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ এবং খোঁজাখুঁজির একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় জামিলার মরদেহ সরিষাক্ষেতে পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মধ্যরাতে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদি সুফিয়া খাতুনকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে সরিষাক্ষেত্রে ফেলে যায় দুর্বৃত্তরা বলে পুলিশ জানায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর