আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)
ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৪ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন,‘হৃদয়ে আমার কেন্দুয়া’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে কেন্দুয়া পৌরসভাধীন খেলার মাঠ ও আশপাশের এলাকায় পথচারী মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়ন ও স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় প্রায় ১৫০ জন পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি ইফতার প্যাকেটে ছিল উন্নত মানের বিরিয়ানি ও বিশুদ্ধ পানির বোতল।
কেন্দুয়া উপজেলার একঝাঁক স্বেচ্ছাসেবী ও সৃজনশীল তরুণদের সমন্বয়ে গঠিত ‘হৃদয়ে আমার কেন্দুয়া’ ইতোমধ্যে এলাকায় মানবিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। মানবিক সহায়তার পাশাপাশি, উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক শর্ট ফিল্ম নির্মাণের মাধ্যমে জনসচেতনতা তৈরিতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
কথা হয় 'হৃদয়ে আমার কেন্দুয়া' সংগঠনের সভাপতি রতন মিয়ার সাথে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা দুটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া আগামী ২৫ রমজানের পর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড়চোপড় বিতরণ করা হবে।
সংগঠনটির উপদেষ্টা শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার বলেন, স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কেন্দুয়ার পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।” একই সঙ্গে কেন্দুয়ার ঐতিহ্য ও সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
ইফতার পেয়ে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার করিম মিয়া খুশি হয়ে বলেন, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের ভালো করুক।
এসময় হৃদয়ে আমার কেন্দুয়ার সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকা, সদস্য সৌরভ, তপনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এএন