আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৬, ০১:০৬ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান চালায় র্যাব। সেখানে একটি লম্বা আকৃতির সন্দেহজনক ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর