শরিফুল ইসলাম, রংপুর
মার্চ ১০, ২০২৬, ০৩:৩৪ পিএম
স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী মামুনকে র্যাব-১৩, রংপুর সদর দপ্তরের সদস্যরা গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মৃত সামছুল হকের ছেলে।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিপ্লব কুমার জানান, স্কুলে আসার সময় মামুন ওই ছাত্রীকে প্রেম নিবেদন করত এবং এক পর্যায়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২৫ জানুয়ারি রাতে, স্কুল ছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিষয়টি প্রকাশ পায়।
মামলার তথ্য অনুযায়ী, ১লা মার্চ ছাত্রীটির পিতা বাদি হয়ে হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর মামুন আত্মগোপন করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাব-১৩, রংপুর সদর দপ্তরের সদস্যরা লালবাগ এলাকার একটি সুপারশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে হাতিবান্ধা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এএন