মোহাম্মদ আলী, বগুড়া
মার্চ ১০, ২০২৬, ০৪:৩৬ পিএম
বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়িসহ দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে ৪৯৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। এছাড়াও আরও কয়েকজনকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বমোট ৮৬৮ জন এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হবেন এবং বাকিদের পর্যায়ক্রমে কার্ড প্রদান করা হবে।
ফ্যামিলি কার্ড পাওয়ার পর অধিকাংশ পরিবারের গৃহিণীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই অর্থ তাদের পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক হবে। অনেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন, এ ধরনের উদ্যোগ আগে দেখা যায়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
উপকারভোগীদের কয়েকজন জানান, কার্ড পাওয়ার আগেই তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে, যা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের সহায়তার জন্য নেওয়া হয়েছে। ইতোমধ্যে উপকারভোগীদের মোবাইলে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এএন