হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬, ০৫:৩২ পিএম
দিনাজপুরের হিলি বাজারে বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান, হিলি বাজারের তিনটি কাপড়ের দোকান ও দুটি বেকারিতে তদারকি করা হয়। এসময় দেখা যায়, কয়েকটি কাপড়ের দোকানে ভোক্তাদের বিভ্রান্ত করে দেশি কাপড়কে ভারতীয় কাপড় হিসেবে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার রশিদ সংরক্ষণ না করার প্রমাণও পাওয়া যায়।
অনিয়মের দায়ে মা গার্মেন্টস, লাবণ্য ফ্যাশন, সুমি বস্ত্রালয়, পাবনা বেকারি ও হিলি বেকারিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তা আরও বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রুখতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের অবশ্যই সঠিক তথ্য ও মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর