ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬, ১১:৪৮ এএম
বাংলা ভাষা-সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি সমর চক্রবর্তীর ৫৪তম জন্মদিন আজ। পেশায় তিনি একজন সাংবাদিক। কবিতার পাশাপাশি তিনি গল্প, প্রবন্ধ, নিবন্ধ ও গান সমানভাবে লিখে চলেছেন।
কবির জন্ম ১৯৭৩ সালের ১৫ মার্চ, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে। পিতা কালীপদ চক্রবর্তী ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মা নিলীমা চক্রবর্তী গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
সমর চক্রবর্তী চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় ‘নাটিকা’ লিখে ক্লাসরুমেই সহপাঠীদের নিয়ে অভিনয় করেন। এরপর থেকেই তিনি গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখতে শুরু করেন।
সমর চক্রবর্তী এ পর্যন্ত ১২টি মৌলিক গ্রন্থ উপহার দিয়েছেন। প্রকাশিত কবিতার সংখ্যা প্রায় তিন হাজার। তাঁর অধিক পঠিত বইগুলোর মধ্যে রয়েছে দিগন্তের স্বপ্নারোহী, আদিম অশ্বের পিঠে, নক্ষত্র মরে মরে গ্রহ হয়ে যায়, কঙ্কালে কুরচি ফুল, অন্ধকার ডানার মানুষ, সমর চক্রবর্তীর কবিতা, বঙ্গনগরীর বাউল আকাশ এবং গল্পগ্রন্থ রঙিন স্বপ্নের বাসিন্দারা। তাঁর লেখা ভূষণা রাজ্যের ইতিহাস গ্রন্থটি আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।
বাংলায় স্নাতকোত্তর এই কবি নিজের সৃজনশীল ও মৌলিক সাহিত্যকর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। চাকরি, উচ্চপদ বা সরকারি-বেসরকারি সুযোগের প্রলোভন তিনি বারবার ত্যাগ করেছেন শুধু কবিতার জন্য।
সমর চক্রবর্তীর প্রায় দুইশ’ কবিতা ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯৯১ সালে মফস্বল সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও ১৯৯৭ সাল থেকে তিনি কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, রোববার, দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার নিউজ, জবাবদিহি, দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতিসহ আরও কয়েকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে।
বর্তমানে তিনি জনপ্রিয় নিউজপোর্টাল রিপোর্টার্স২৪-এর প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্পাদনা করছেন লিটল ম্যাগ শিল্পভূমি ও কথাশিল্প।
এএন