মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬, ১২:১২ পিএম
মনিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনিরামপুরের সোনালী ইটভাটার মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী, ফতেয়াবাদ গ্রামের মৃত বারী সরদারের ছেলে আব্দুল মজিদ সরদার (৬৫), তার একমাত্র পুত্র জনি সরদার (৪২) এবং জনির কন্যা শেহেরিশ (৫)।
এলাকাবাসী ও স্বজনরা জানান, সোমবার রাত ৩টার দিকে ঈদের দাওয়াত খেয়ে চুয়াডাঙ্গা থেকে মনিরামপুরে ফেরার পথে সীমাখালী এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা মজিদ সরদারের স্ত্রী মনোয়ারা (৬০), জনির স্ত্রী সাবরিনা (৩০) এবং জনির ছেলে আলমাস (১০) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটি জনি সরদার নিজেই চালাচ্ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএন