চাঁদপুর প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬, ০৭:৫৪ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
দর্শনার্থীরা জাহাজটি সরেজমিনে পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের সক্ষমতা ও ব্যবহারিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ প্রেস ব্রিফিংয়ে জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ দেশের উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন এবং মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাহাজটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ কোস্ট গার্ডের সক্ষমতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পায়। দর্শনার্থীরা জাহাজটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। কোস্ট গার্ড জানায়, দেশ ও জনগণের সেবায় তারা সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এএন