আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)
জুন ৪, ২০২৬, ০৫:৪৪ পিএম
শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে স্বল্পমূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত হেলথকেয়ার সেন্টারে আয়োজিত এ ক্যাম্পেইন শুধু চিকিৎসাসেবাই নয়, বরং একটি সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক উদ্যোগ হিসেবে মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ইসলামি শরিয়াহ নির্দেশনা অনুসরণ করে আধুনিক ও নিরাপদ ডিভাইসের মাধ্যমে অত্যন্ত যত্নসহকারে সুন্নাতে খাৎনা সম্পন্ন করা হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম পরিবারের ২০ জন শিশুকে স্বল্প ও বিনামূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়েছে।
ক্যাম্পেইনটি ঘিরে পুরো হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবকদের মাঝে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতার আবহ, আর শিশুদের নিরাপত্তা ও সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেন উপস্থিত সবাই।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল করিম হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, এ উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত শতাধিক শিশুকে স্বল্পমূল্যে ও বিনামূল্যে নিরাপদভাবে সুন্নাতে খাৎনা সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, “মানবসেবা ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।”
এএন