বাকেরগঞ্জ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬, ০৩:১৩ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব (২৫) মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।
গত শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। নিহত সজিবের পিতা আবুল হোসেন খান জানান, নিজেদের রেকর্ডীয় জমিতে দোকানঘর নির্মাণের কাজ শুরু করলে একই গ্রামের মিলন খান ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় সজিবের মাথায় গুরুতর আঘাত লাগলে প্রথমে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সজিবের বাবা, মা ও চাচাসহ আরও ৪ জন আহত হয়েছেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছেন (জিআর ৮৮/২৬)। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের ধরছে না। উল্টো প্রতিপক্ষের করা একটি মিথ্যা মামলা রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জেএইচআর