গাইবান্ধা প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬, ০৪:১১ পিএম
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অংশ হিসেবে পলাশবাড়ী টু গাইবান্ধা (আর ৫৫৫) আঞ্চলিক মহাসড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বৃক্ষ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। এছাড়া সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় উপকূলীয় চরাঞ্চল, বন, সড়ক-মহাসড়ক, নদী-খালের তীর এবং ব্যক্তিগত জমিতে গাছ লাগানো হবে। এক্ষেত্রে স্থানীয় প্রজাতির দ্রুতবর্ধনশীল ও ঔষধি গাছ রোপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর