পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
এপ্রিল ২, ২০২৬, ০১:৫৪ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কাজল পাল, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার পনির ভুইয়া, সাংবাদিক মো. নুর নবী জনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
সভায় আসন্ন বিজ্ঞান মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মেলার সম্ভাব্য তারিখ, স্থান নির্ধারণ, স্টল বরাদ্দ, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন এবং বাজেট অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মেলাকে সফল করতে বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়।
এ সময় বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প মেলায় উপস্থাপনের জন্য উৎসাহিত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএন