গাজীপুর প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬, ০৪:২৮ পিএম
গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন থানায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার পরিচালিত এই অভিযানে সদর, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র- সদর থানা: ৮ জন, বাসন থানা: ৬ জন, কোনাবাড়ী থানা: ১০ জন, কাশিমপুর থানা: ৫ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ রোকন (২০), নিমন শেখ (২০) ও লোকমান হাকিমকে (২৫) গ্রেপ্তার করে। এছাড়া সাজাপ্রাপ্ত দুই আসামি রেজাউল করিম ও আল মাহমুদ পাভেলসহ মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসন থানায় মাদকসহ ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আরও ২ জনকে আটক করেছে পুলিশ। কোনাবাড়ী থানায় মাদক ও নিয়মিত মামলায় ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাশিমপুর থানায় মাদক, চুরি ও নিয়মিত মামলায় ৫ জনকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচআর