জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
এপ্রিল ৭, ২০২৬, ১২:২৮ পিএম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহীর মাঝে তেল বিতরণ করা হয়েছে।
সোমবার রাত ৭টার দিকে মাটিরাঙ্গা পৌর শহরের বেগম ট্রেডার্স ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে এবং প্রকৃত ব্যবহারকারীরা যাতে সহজেই তেল পেতে পারেন, সেজন্য ইউএনও মাহমুদুর রহমান নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন।
সাধারণত তেল বিতরণের সময় পাম্পগুলোতে যে হুড়োহুড়ি দেখা যায়, এ দিন ছিল তার উল্টো চিত্র। আরোহীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করেন।
সুশৃঙ্খলভাবে তেল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মোটরসাইকেল চালকরা। তারা জানান, প্রশাসনের সরাসরি নজরদারির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি এবং সিরিয়াল ভেঙে তেল নেওয়ার সুযোগ না থাকায় সবাই সমান সুযোগ পেয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “পৌর এলাকার সাধারণ মানুষ ও চালকরা যাতে ভোগান্তি ছাড়াই জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য। চালকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং নিয়ম মেনে চলায় ১ হাজার মোটরসাইকেলে খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা সম্ভব হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
এএন