ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শারীরিক প্রতিবন্ধী দয়াল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৬, ০৬:০১ পিএম

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শারীরিক প্রতিবন্ধী দয়াল

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি নূর আলম দয়ালকে, কিন্তু মরণব্যাধি কিডনি রোগ আজ তাকে শয্যাশায়ী করে ফেলেছে। রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের এই যুবক এখন দুই কিডনির জটিল সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি অস্ত্রোপচার ও নিয়মিত ডায়ালাইসিস ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দয়াল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনির গুরুতর সমস্যা ধরা পড়ে। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত অপারেশন প্রয়োজন। বর্তমানে অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে বাড়িতে থেকেই ধুঁকছেন তিনি।

দয়ালের জীবনকাহিনি অত্যন্ত করুণ। পিতৃহীন দয়াল বড় হয়েছেন নানা বাড়িতে বৃদ্ধা মাকে নিয়ে। প্রতিবন্ধী ভাতা, সরকারি জমিতে পাওয়া একটি ঘর আর মানুষের অনুদানে পাওয়া ছোট্ট একটি দোকানই ছিল তার বেঁচে থাকার সম্বল। অসুস্থ হওয়ার আগে রাজমিস্ত্রির কাজ করে কোনোমতে সংসার চালাতেন তিনি। আজ সেই আয়ের পথও বন্ধ।

স্থানীয়রা জানান, দয়াল নিজে শারীরিক প্রতিবন্ধী হয়েও সবসময় অন্যের বিপদে এগিয়ে আসতেন। আজ সেই পরোপকারী মানুষটিই অর্থাভাবে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। দয়ালের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "বুঝতেই পারিনি কখন আমার প্রতিবন্ধী ছেলের শরীরে এই মরণব্যাধি বাসা বেঁধেছে। এখন ডায়ালাইসিস আর অপারেশনের টাকা কই পাব? আমার ছেলেকে বাঁচান।"

বর্তমানে দয়াল তার চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তি, প্রবাসী এবং মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এই প্রতিভাবান ও সংগ্রামী যুবকের জীবন প্রদীপ নিভে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই মানবিক আহ্বানে সাড়া দিতে পারেন। দয়ালের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

জেএইচআর

Link copied!