নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬, ০৩:৫১ পিএম
টাঙ্গাইলের নাগরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (টাঙ্গাইল-৬) মো. রবিউল আউয়াল লাভলু জাতীয় সংসদের অধিবেশনে থাকায় উপস্থিত থাকতে পারেননি। তবে মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, একাউন্টস অফিসার আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৮টি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। আধুনিক কৃষি, পরিবেশ সুরক্ষা ও তথ্যপ্রযুক্তি নির্ভর এসব সৃজনশীল প্রকল্প দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দুই দিনব্যাপী এই মেলা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। সমাপনী দিনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
জেএইচআর