মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
এপ্রিল ৯, ২০২৬, ০৪:১২ পিএম
রাঙ্গামাটিকে একটি নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে যানবাহন চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পর্যটন খাতের টেকসই উন্নয়নে চালকদের আচরণ ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক মো. হাবীব আজম। তিনি বলেন, রাঙ্গামাটির পর্যটন শিল্পের বিকাশে চালকদের ভূমিকা অনস্বীকার্য। পর্যটকদের সাথে সদাচরণ করা, নির্ধারিত ভাড়া নিশ্চিত করা এবং পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন আগত পর্যটকরা অতিরিক্ত ভাড়ার কারণে হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে হবে।
বক্তারা বলেন, রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় চালকদের সচেতন হতে হবে। যানবাহনে থাকা পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা না ফেলেন, সে বিষয়ে তাঁদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি চালকদের পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে সঠিক তথ্য জেনে পর্যটকদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এতে রাঙ্গামাটি সম্পর্কে দর্শনার্থীদের মাঝে ইতিবাচক ধারণা তৈরি হবে।
প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সাগরিকা রোয়াজা। সবুজ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরোয়ার জাহান মিঠু। কর্মশালায় ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ স্থানীয় মালিক ও চালকরা এই আয়োজনে অংশ নেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে রাঙ্গামাটি একটি আধুনিক ও পর্যটকবান্ধব নগরী হিসেবে আরও সুপরিচিতি পাবে।
জেএইচআর