শরফিুল ইসলাম, রংপুর
এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৩ পিএম
রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই পিয়ারুল হত্যা মামলার দীর্ঘ ছয় বছর পর একমাত্র আসামি মাদক কারবারি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোছা. মার্জিয়া খাতুন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অধীন নগরীর বাহারকাছনা তেলীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এএসআই পিয়ারুল মাদক ব্যবসায়ী আসামি পারভেজ রহমান পলাশকে ঘটনাস্থলে গ্রেপ্তার করে।
এসময় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুলকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরের দিন ২৫ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ পলাশকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোছা. মার্জিয়া খাতুন তাকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, ১৮৬ ধারায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ড, ২২৪ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ৩৫৩ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ে আমরা খুশি।
এএন