ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বদলির ১২ দিন পরও সার্ভেয়ার যোগদান না করায় সেবাগ্রহীতাদের দুর্ভোগ

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৫৮ পিএম

বদলির ১২ দিন পরও সার্ভেয়ার যোগদান না করায় সেবাগ্রহীতাদের দুর্ভোগ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সার্ভেয়ারের বদলি হয় গত ৮ এপ্রিল। অথচ প্রায় দুই সপ্তাহ হতে চললেও আজও যোগদান করেননি সার্ভেয়ার আব্দুল আওয়াল।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুনের স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে জানা যায়, বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল্লাহ আল মাসুমের বদলি আদেশ হয় চারঘাট উপজেলা ভূমি অফিসে। আর চারঘাট উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল আওয়ালের বদলি আদেশ হয় বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে। 

ইতোমধ্যে বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল্লাহ আল মাসুম চারঘাট উপজেলায় যোগদান করলেও চারঘাট উপজেলার সার্ভেয়ার মো. আব্দুল আওয়াল এখনও বাগাতিপাড়ায় যোগদান করেননি। এতে করে বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে আসা সেবাগ্রহীতারা পড়েছেন বিপাকে।

ভূমি অফিসে সেবা নিতে আসা রানি আহমেদ বলেন, সার্ভেয়ার না থাকায় আমার নামে নামজারি হচ্ছে না। জমির রাজস্ব দিতে পারছি না। আমরা আর কতদিন এভাবে ভূমি অফিসে ঘুরতে থাকব বলতে পারেন?

রাজিয়া বেগম বলেন, আমরা অফিসের এত হিসাব-নিকাশ বুঝি না। অফিসে আসলে বলে সার্ভেয়ার বদলি হয়েছে, তাই কাজ হবে না। অনেক দূর থেকে ভ্যান ভাড়া দিয়ে আসি। কবে সার্ভেয়ার যোগদান করবে অফিসের লোকজন বলতে পারেন না। তাহলে আমরা আর কতদিন ঘুরব?

বদলি আদেশ হওয়ার পরেও কেন যোগদান করছেন না এমন প্রশ্নে সার্ভেয়ার আব্দুল আওয়াল দাবি করেন, ‘চারঘাটের বেশ কয়েকটি জমিজমার বিরোধ রয়েছে, যা আমার ভালো জানা আছে। তাই এসিল্যান্ড স্যার আমাকে ছাড়পত্র দিচ্ছেন না। স্যার আমাকে ছেড়ে দিলেই বাগাতিপাড়ায় যোগদান করব।’

বদলি আদেশ হওয়ার প্রায় দুই সপ্তাহ হতে চললেও কর্মস্থলে যোগদান না করার বিষয়ে আদেশের কপিতে স্বাক্ষরকারী রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছা. খাদিজা খাতুন বলেন, এ আদেশ অমান্য করার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি।

বদলি আদেশ হওয়ার পরেও সার্ভেয়ার যোগদান না করার প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

স্থানীয়দের দাবি, দ্রুত সার্ভেয়ারের যোগদান নিশ্চিত এবং এসিল্যান্ডের বিকল্প ব্যবস্থা না নিলে ভূমি সেবা ভেঙে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এএন

Link copied!