মো. নুরুল আমিন, খুলনা
এপ্রিল ২০, ২০২৬, ০৭:১০ পিএম
বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার ফুলবাড়ি গেটস্থ বক্ষব্যাধি হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, হঠাৎ করেই দেশজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে শিশুমৃত্যু বেড়ে যায়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর স্বাস্থ্য-সুরক্ষার নিশ্চয়তার মাধ্যমে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব। তাই এই প্রাদুর্ভাবের হাত থেকে আমাদের শিশুদের সুরক্ষার জন্য সরকার তাৎক্ষণিক মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মধ্য দিয়ে আজ খুলনাতেও এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই পারেন সমাজের প্রতিটি স্তরের জনগণকে এই টিকা বিষয়ে সচেতন করে তুলতে। আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করতে হবে যেন একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে। তাহলেই এই কর্মসূচির সার্থকতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আকিব উদ্দিন, খুলনা ইউনিসেফ-এর চিফ মো. কাওসার হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা বিভাগের ১০ জেলায় ১৫ লাখ ৯৭ হাজার ৮২১ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে ২ হাজার ২৯৮৯ জন টিকাদানকারী এবং ৭ হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
২০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে, তারা vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই, তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে।
এএন