ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬, ০২:৫১ পিএম
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে সন্ত্রাসীদের গুলিতে ওসিসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এএন