ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬, ০৬:১৩ পিএম
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার বড়শিতে বিলুপ্তপ্রায় একটি মিঠা পানির কুমির ধরা পড়েছে।
সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিরল এই প্রাণীর উপস্থিতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর বেপারী, স্বপন বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামে চারজন জেলে রাতে পদ্মা নদীতে বড় মাছ ধরার জন্য ‘হাজারি বড়শি’ ফেলেন। সকালে বড়শি তোলার সময় তারা বড় কোনো মাছের বদলে কুমিরটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে বেঁধে রাখা হয়। কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিরটি পাহারা দিচ্ছে। ফরিদপুর জেলা সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন বলেন, এটি বিলুপ্তপ্রায় মিঠা পানির প্রজাতির কুমির। আমরা দ্রুত এর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বিষয়টি ইতিমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছালে কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হবে এবং যথাযথভাবে সংরক্ষণ করা হবে।
জেএইচআর