জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ
এপ্রিল ২৭, ২০২৬, ০৮:৩২ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের চূড়ান্ত লড়াইয়ে মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলের বড় ব্যবধানে ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে।
অন্যদিকে, বালিকা বিভাগে কুতুবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও চাষাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ম্যাচটি নির্ধারিত সময়ে সমতায় থাকে। পরে টাইব্রেকারে চাষাড়া আদর্শকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে গোল্ড কাপ তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। তিনি খুদে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর। এছাড়াও স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
জেএইচআর