দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
এপ্রিল ২৯, ২০২৬, ০১:১৩ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকার আলয় বিলে টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে বিপুল পরিমাণ পাকা ধান তলিয়ে গেছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের ভারী বর্ষণে বিলের পানি দ্রুত বেড়ে যায়। ফলে কাটার উপযোগী হয়ে ওঠা ধান পানির নিচে ডুবে গিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে পানির মধ্যেই ধান কাটার চেষ্টা করছেন, তবে এতে খরচ বেড়ে যাচ্ছে এবং ফলনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রশিদপুর গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, তার প্রায় দুই বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, পানি না কমলে সব ধান নষ্ট হয়ে যাবে।
একই গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ধান কাটার সময় পার হয়ে গেলেও শ্রমিক সংকটের কারণে কাজ এগোচ্ছে না। “পানির মধ্যে কাজ করতে চায় না শ্রমিকরা, তাই ধান খেতেই পড়ে আছে,” যোগ করেন তিনি।
আরেক কৃষক রহিম উদ্দিন জানান, যে ধান কাটা সম্ভব হচ্ছে সেটিও ঠিকভাবে শুকানো যাচ্ছে না। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পর্যাপ্ত কামলা না পাওয়ায় অনেক জমির ধান সময়মতো কাটা যাচ্ছে না, ফলে ক্ষতির পরিমাণ বাড়ছে।
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, টানা বৃষ্টির কারণে নিচু জমিগুলোতে পানি জমে ধান তলিয়ে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।
এম জি