নড়াইল প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬, ০৫:১৭ পিএম
নড়াইলের লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বুধবার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। তিনি বলেন, পুষ্টিযুক্ত খাবার মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের শারীরিক ও মানসিক গঠনের জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। সুস্থ ও সবল দেহ গড়তে আমাদের সবাইকে ফাস্টফুড বর্জন করে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। এছাড়াও লোহাগড়া যুবদলের আহ্বায়ক খান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। বক্তারা পুষ্টি সচেতনতা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি নিরোগ প্রজন্ম গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জেএইচআর