বরিশাল ব্যুরো
মে ১, ২০২৬, ০৪:৪২ পিএম
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।
ভিডিও সূত্রে জানা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিলটি ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গত বৃহস্পতিবার ভোরেও একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুরূপ একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল। পর পর দুই দিন এমন কর্মসূচিতে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে ভুরঘাটা বাসস্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানারসহ মিছিল শুরু করেন। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা গেছে। মিছিলে অংশগ্রহণকারীরা মূলত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
ভিডিওর তথ্যানুযায়ী, উপজেলার বার্থী ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ভোরে নিষিদ্ধ সংগঠনের কতিপয় কর্মী পার্শ্ববর্তী কালকিনি এলাকা থেকে এসে ভুরঘাটা বাসস্ট্যান্ডে একটি ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়ে।
তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়ে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। মিছিলকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
জেএইচআর