আলী রেজা রাজু, সাভার
মে ২, ২০২৬, ১২:০৩ পিএম
চাঁদা না পেয়ে ক্যাডার বাহিনী নিয়ে গভীর রাতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি বেপারীপাড়া এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল করিম মোল্লা বাদী হয়ে সাভার মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলী (৪০), মো. মিনা (৪৫), মো. কাঞ্চন (৪০), মো. রাজু (৩২), মো. জাফর (৪২), মো. রাকিব (৩০), মো. স্বপন (৪০), মো. শামীম (৩৫), মো. আনোয়ার (৩৫) ও মো. মাজেদুল ইসলাম (৩৫)। সকলেই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আব্দুল করিম মোল্লাকে না পেয়ে তার মা বীর মুক্তিযোদ্ধা আমেনা বেগম (৮২)-কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাড়িঘর ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। একই সঙ্গে তারা প্রাণনাশের হুমকি দেয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা বর্জ্যের ব্যবসা সংক্রান্ত বিষয়ে হামলা হয়েছে বলে স্বীকার করেন, কিন্তু চাঁদার বিষয়ে অস্বীকার করেন।
আব্দুল করিম মোল্লা বলেন, “আমি একজন বিএনপির নির্যাতিত কর্মী। রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে আমার পরিবারকে টার্গেট করে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন