মহসিন তালুকদার, মাদারীপুর
মে ২, ২০২৬, ০৭:৪১ পিএম
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।
শনিবার বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত নেতারা অবিলম্বে জনগণের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় কার্যকর করা অপরিহার্য।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান।
এছাড়াও এনসিপির সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মেজবাউল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি শাখাওয়াত হোসেন মৃধাসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেএইচআর