আ. আলিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
মে ৩, ২০২৬, ০৬:৪৮ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববর বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিরিক্ত ঝড় ও শিলাবৃষ্টিতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অনেক অসহায় পরিবারের ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছিলেন। সেই প্রেক্ষিতে প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান এবং ভোমরাদহ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরকারের পক্ষ থেকে দ্রুত এই সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে। উপজেলা প্রশাসন জানায়, ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলোর তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
জেএইচআর