আমার সংবাদ ডেস্ক
মে ৬, ২০২৬, ০৪:১৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবি পূরণ করতে না পারায় এক গৃহবধূর মাথার চুল কেটে এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলামের সঙ্গে মিম আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নরসিংদীর একটি সেলুনে কর্মরত দীন ইসলাম সম্প্রতি নতুন ব্যবসার অজুহাতে মিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।
নির্যাতিতা মিম আক্তার জানান, মঙ্গলবার সকালে যৌতুকের টাকা নিয়ে আবারও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দীন ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে বেধড়ক মারধর করেন। টাকা দিতে রাজি না হওয়ায় দীন ইসলাম কাঁচি দিয়ে মিমের মাথার চুল কেটে দেন এবং সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করেন। শুধু তাই নয়, একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করলে হাত ও মুখে গভীর ক্ষতের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্বজনরা মিমকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দীন ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
জেএইচআর