আমার সংবাদ ডেস্ক
মে ৭, ২০২৬, ১২:০৫ পিএম
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় অজ্ঞাতদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে এবং স্থানীয়ভাবে একটি রাজনৈতিক সংগঠনের সহযোগী সদস্য হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন ইমন হোসেন। এ সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয়রা। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের স্থানীয় এক সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ব্যক্তি তাদের সহযোগী সদস্য ছিলেন এবং এ ঘটনার জন্য প্রতিপক্ষ একটি গোষ্ঠীকে দায়ী করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
এএন