দিনাজপুর প্রতিনিধি
মে ৭, ২০২৬, ০৫:১১ পিএম
‘মানবতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুরেও বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬’ পালন করেছে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট।
বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে মানববন্ধন, বেলুন ওড়ানো ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়া মানবতার সেবায় দিবসটিকে স্মরণীয় করে রাখতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, মানবসেবাই রেড ক্রিসেন্টের মূল শক্তি। দুর্যোগ ও মানবিক বিপর্যয়ের সময় স্বেচ্ছাসেবীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, তা সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। মানবতার কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সাবেক অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহীন খান, ইউনিট লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম এবং হিসাবরক্ষক মো. আমজাদ হোসেন। যুব স্বেচ্ছাসেবকদের পক্ষে উপস্থিত ছিলেন উপ-যুব প্রধান-১ মেহেদী হাসান ও উপ-যুব প্রধান-২ মরিয়ম আক্তারসহ জেলা ইউনিটের একঝাঁক স্বেচ্ছাসেবী।
বক্তারা মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, রেড ক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
জেএইচআর