শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
মে ৭, ২০২৬, ০৫:৩১ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের বিস্তারিত নিচে দেওয়া হলো:
দক্ষিণ ধানুয়া: এই এলাকা থেকে ৯৫ পিস ইয়াবাসহ ইসমাইল শেখ (৪০) ও লিটন চন্দ্র ওরফে মিঠন দাসকে (৩২) গ্রেপ্তার করা হয়। ইসমাইল চাঁদপুর সদরের দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা এবং লিটন ফরিদগঞ্জের দক্ষিণ ধানুয়া এলাকার বাসিন্দা।
গৃদকালিন্দিয়া: রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২২) ও শাকিলকে (১৮) গ্রেপ্তার করা হয়।
বিষেরবন্দ: পৃথক অভিযানে ৩ পিস ইয়াবাসহ দুলাল মল্লিক (৪৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জেএইচআর