হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)
মে ৭, ২০২৬, ০৭:৪৬ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ শিখা খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভেড়ামারা থানাধীন চৈতন্য মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে কুষ্টিয়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল চৈতন্য মোড় এলাকায় অবস্থান নেয়। অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শিখা খাতুনের হেফাজত থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শিখা খাতুন পাবনা সদর উপজেলার বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী। মাদক কারবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযান শেষে অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিকে পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর