মহসিন তালুকদার, মাদারীপুর
মে ৯, ২০২৬, ০৫:২৭ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ অবশেষে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে।
শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে মরদেহটি এসে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বৃষ্টির মরদেহ দেখার জন্য সকাল থেকেই তার পৈতৃক বাড়িতে ভিড় করেন স্বজন, বন্ধু ও গ্রামবাসী।
নিহত বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন।
পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০২৫ সালের আগস্টে ফুল স্কলারশিপ পেয়ে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পাড়ি জমান। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন্দ কান্নায় ভেঙে পড়ে জানান, মেয়ের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দেশের সেবা করা, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীসহ নিখোঁজ হন বৃষ্টি। পরবর্তী সময়ে ফ্লোরিডা পুলিশ তল্লাশি চালিয়ে বৃষ্টির মরদেহ উদ্ধার করে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ তাকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান করেছে।
স্বজনদের আহাজারিতে আজ চরগোবিন্দপুর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। বাদ আছর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। এলাকাবাসী ও স্বজনেরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আন্তর্জাতিক মহলে এর সঠিক ন্যায়বিচার দাবি করেছেন। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর