ফেনী প্রতিনিধি
মে ১০, ২০২৬, ০৭:৩৪ পিএম
ফেনীতে আদালত চলাকালে বিচারকের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাহমিনা আক্তার মোহনা নামে এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার দুপুরে ফেনী জেলা দায়রা জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই আদালত মোহনার স্বামী আকবর হোসেনের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীপক্ষের আইনজীবী জানান, সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার মোহনা ২০২৫ সালে ভালোবেসে বিয়ে করেন ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের জাফর আহমদের ছেলে আকবর হোসেনকে।
বিয়ের পর দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বামীর বিরুদ্ধে মামলা করেন মোহনা। রোববার কাবিন আদায়সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত তার স্বামীকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পরপরই আদালত প্রাঙ্গণে বিচারকের সামনে মোহনা সঙ্গে আনা বিষ পান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওই নারী ছটফট করতে শুরু করলে উপস্থিত আইনজীবী ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, রোগীকে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
এম জি