বরিশাল ব্যুরো
মে ১১, ২০২৬, ১২:২২ পিএম
বরিশালের সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সন্ত্রাসী-চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারের আস্তানায় রোববার সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশ অভিযান চালালে পুলিশের ধাওয়ায় কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসী রাসেল মেম্বার।
এসময় রাসেলের সঙ্গে থাকা সহযোগী হৃদয় নামে এক যুবককে ১টি দেশীয় পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্র (রামদা) সহ আটক করা হয়। আটককৃত হৃদয় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রাম এলাকার মো. আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সঞ্জীত চন্দ্র নাথ বলেন, লামচরি গ্রামটিকে রাসেল মেম্বার নামে এক ব্যক্তি মাদক ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে।
শুধু তাই নয়, এলাকাটিকে তিনি মাদকের স্পট হিসেবে তৈরি করেছেন। অভিযুক্ত রাসেল মেম্বারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি পুলিশের ধাওয়ায় পালিয়ে যান।
এসময় তার এক সহযোগী হৃদয় নামে যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটক ব্যক্তি ও পলাতক রাসেল মেম্বারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটককৃত আসামি ও পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএন