মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
মে ১১, ২০২৬, ০২:৪১ পিএম
পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ করতে এবং সব ধরণের প্রশাসনিক বাধা দূর করতে সরকার বিশেষ পরিকল্পনা নিচ্ছে। রোববার রাতে রাঙ্গামাটির বার্গী লেকভ্যালী রিসোর্টে আয়োজিত এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এ তথ্য জানান।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চল পর্যটনের এক বিশাল ক্ষেত্র। এখানে বিদেশি পর্যটকদের অবাধ ভ্রমণের ব্যবস্থা করা হলে শুধু বৈদেশিক মুদ্রাই অর্জন হবে না, বরং স্থানীয় মানুষের আর্থিক স্বচ্ছলতাও আসবে। বিদেশি পর্যটকদের ভ্রমণে বিদ্যমান প্রশাসনিক প্রতিবন্ধকতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
পাহাড়ের নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণার সমালোচনা করে মন্ত্রী বলেন, জনমনে যে ‘জুজু ভয়’ ছড়ানো হয়, তা পর্যটন বিকাশের অন্তরায়। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। গণমাধ্যমকে ইতিবাচক প্রচারণা চালিয়ে পাহাড়ের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিশাল জলরাশির কাপ্তাই লেককে পর্যটনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। রিসোর্ট ওনার্স এসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে পুঁজি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের স্বপ্ন দেখছে বর্তমান সরকার।
জেএইচআর