চুয়াডাঙ্গা প্রতিনিধি
মে ১২, ২০২৬, ০৪:০৩ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে আচার কিনে রাস্তা পার হওয়ার সময় মায়ের সামনেই প্রাণ হারিয়েছে রোজা নামের সাড়ে ৪ বছরের এক শিশু।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রোজা ওই গ্রামের রাজু আহমেদের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু রোজা আচার কেনার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে পাশের একটি দোকানে যায়। কেনাকাটা শেষে দৌড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী বেকারি পণ্য বোঝাই একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।
এতে শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রোজার মা রুপা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার কোল থেকে নেমে দোকানে চলে যায় রোজা। আমি রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে আসছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে কেড়ে নিল।”
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সেনেরহুদা গ্রামে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সেনেরহুদা গ্রাম। স্থানীয়রা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জেএইচআর