আমার সংবাদ ডেস্ক
মে ১২, ২০২৬, ০৫:২৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা ভুয়া জাতীয়তাবাদী, তাদের হাতে দেশ নিরাপদ নয়। একই সঙ্গে তিনি সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ না থাকার সমালোচনা করেন।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সম্প্রতি বিএসএফের গুলিতে নিহত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে আমরা বলবো, যদি তারা সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকে, তাহলে দ্রুত সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সরাসরি দেখা করা সরকারের দায়িত্ব।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো দৃশ্যমান উদ্যোগ বা বক্তব্য নেই। এ অবস্থায় সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন তিনি।
এনসিপি নেতা সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং নিহত পরিবারের প্রতি সরকারের সহানুভূতিশীল ভূমিকা রাখার দাবি জানান।
এএন