আবু জাহান তালুকদার, তাহিরপুর (সুনামগঞ্জ)
মে ১৩, ২০২৬, ০৫:২০ পিএম
সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের দুই দিন পর যাদুকাটা নদী থেকে সালাউদ্দিন (৫৯) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে যাদুকাটা নদীর তীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালাউদ্দিনের আদি বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর কাজীপাড়া গ্রামে। তিনি সাত সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন গত ৫ বছর ধরে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবারসহ আশ্রিত হিসেবে বসবাস করতেন।
গত সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে স্থানীয়রা যাদুকাটা নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সাবেক চেয়ারম্যানের ছেলে একরাম হোসেন জানান, সালাউদ্দিনের নিজস্ব কোনো জমি নেই বলে তাদের বাড়িতেই থাকতেন। তিনি নিজের পাঁচটি গরুর দেখভাল করতেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর