মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
মে ১৪, ২০২৬, ০১:৩৫ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক কেনা-বেচার সাথে জড়িত নারীসহ তিনজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মাহানপাড়া এলাকার আব্দুল সেলিমের স্ত্রী খোদেজা বেগম (৪৮), পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন (২১), সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাও বড়বাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (২৪)।
থানা পুলিশ জানায়, বুধবার বিকেলে বোদা থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি আভিযানিক দল ময়দানদীঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহানপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় খোদেজা বেগমকে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক কেনার অভিযোগে আরও দুই যুবক রিয়াদ হোসেন ও রশিদুল ইসলামকে ৫ গ্রাম করে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত আলামতসহ বোদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করা হয়। বিচারক আরিফ হোসেন মুন্না সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (সামারি ট্রায়াল) ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদানের ক্ষেত্রে আসামিরা পরবর্তীতে আপিল করে জামিনে মুক্ত হয় দ্রুত। মাদক ব্যবসায়ীরা যাতে দ্রুত জামিনে বের হয়ে না আসতে পারে এবং মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের সাজা নিশ্চিত করার জন্য এখন থেকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এএন